ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচারকাজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার (১ জুন) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

শনিবার (৩১ মে) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি বলেন, রোববার শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ দাখিল হবে ট্রাইব্যুনালে। এদিনের কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্পচার করা হবে।

এর আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ অভিযুক্ত অন্যরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গত ১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। ওই দিন ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে নির্বিচারে এক হাজার ৪০০-এর বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার।

তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উসকানিসহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একইসঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ।

এনএএন টিভি

Share this news as a Photo Card